ঝালকাঠি জেলা ছাত্রদল বুধবার (৯ সেপ্টেম্বর) রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়।

জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্যসচিব সাইদুল ইসলাম রনি যৌথভাবে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে দুই উপজেলায় নতুন নেতৃত্বের গোড়াপত্তন করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, "কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমেরই একটি অংশ। আমরা চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে দুই উপজেলায় ছাত্রদলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হোক।"

তিনি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ও দলের শৃঙ্খলা নিয়েও কথা বলেন। আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, "খুব দ্রুত সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কমিটি গঠন করা হবে। যারা ত্যাগী, সক্রিয়, যোগ্য ও পরীক্ষিত ছাত্রনেতা রয়েছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।"