ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবা মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি নিজে মাদক সেবন করেন এবং পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে এলাকায় তিনি প্রকাশ্যে মাদকের ব্যবসা চালিয়ে যেতেন।
কাঁঠালিয়া থানার ওসি মো. নাছের রায়হান বলেন, "আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"