জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে দলীয় আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বাকি উপজেলাগুলোতেও এই কমিটি গঠন করা হবে বলে দলটি নিশ্চিত করেছে।
গতকাল বুধবার রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান। পরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই বিস্তারিত জানানো হয়।
দলের বার্তায় উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে দেশের ৫০০ উপজেলার ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। ঢাকার দুই মহানগর ছাড়া বাকি ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতেও আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে সারা দেশের ৫০০ উপজেলায়ই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে।
এছাড়াও, ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০ পৌরসভা এবং ৩০ নভেম্বরের মধ্যে ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে বার্তায় উল্লেখ করা হয়।