ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক বার্তায় এই অবস্থান তুলে ধরেছেন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। গতকাল রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ইতালির একটি পার্কে গেলে হামলার শিকার হন। পরে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও অভিনেত্রী বাঁধনের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা, তাঁকে শারীরিকভাবে আঘাত করার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছেন তিনি।" তিনি আরও উল্লেখ করেন, "একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে ফ্যাসিবাদী রাজনৈতিকব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে, সেই নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠনের পলাতক নেতা-কর্মীরা এখনো হামলা-সহিংসতা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ।"
জুলাইয়ের গণ-আন্দোলনে বাঁধনের সাহসিকতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, "দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে বাঁধন তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তাঁর ওপর হামলা প্রমাণ করে, পরাজিত সন্ত্রাসীশক্তি এখনো প্রতিশোধ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি থেকে বের হতে পারেনি।" হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, "হামলা করে, ভয় দেখিয়ে কিংবা সহিংসতা চালিয়ে অরাজকতা করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না।" একই সাথে তিনি ইতালির আইনে দোষীদের বিচার এবং বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান।
অনদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গতকাল দিবাগত রাতে পোস্টে বাঁধনকে নিয়ে গর্বিত হওয়ার কথা জানান। বাঁধনকে উদ্দেশ করে তিনি লিখেছেন, "আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।" হামলাকারীদের খুনিদের দালাল ও নরপশু হিসেবে অভিহিত করে সারজিস আলম বলেন, "যারা বাঁধনের ওপর হামলা করেছে, তাদের খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু হিসেবে অভিহিত করেছেন সারজিস আলম। এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু বাঁধনকে আশা না করতে বলেন তিনি।" শেষে তিনি বাঁধনের উদ্দেশে লিখেছেন, "আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।"