যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা মামলা এবং দুদকের মুখপাত্রের বক্তব্যে নিজেকে জড়িত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই বিষয়ে তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকেছেন।
এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দুদকের মুখপাত্রের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে এবং সেখানে মিথ্যাচার করা হয়েছে। এসব বক্তব্যের বাস্তবতা তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত মুক্তকণ্ঠকে জানান, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা তুলে ধরবেন। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা-তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরবেন।