রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "ছাত্রজীবনে দুটি বিষয় আবশ্যকভাবে প্রয়োজন- সততা ও যোগ্যতা। শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী জীবনে সফল হতে পারে না। এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।"
মেধার সাথে চরিত্রের সমন্বয়ের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, এনপিবির হেড অব অনলাইন সাঈদ আল হাসান শিমুল, সময় টিভির অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, মুক্তকণ্ঠের সহসম্পাদক রায়হান রাশেদ, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমাদ, ফেইস দ্য পিপলের রাকিবুল ইসলাম রঈস এবং নাহিদ হাসান আজহারি।
অনুষ্ঠানের শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।