সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা হঠাৎ ধসে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে, যা জরাজীর্ণ ভবনে পাঠদানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এবং সদর উপজেলার ফিংড়ী এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টির ভবন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার ও কংক্রিট আগেও খসে পড়ছিল। তবে বুধবার সকালে পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ হঠাৎ নিচে পড়ে। fortunate-ly, ওই সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন, "বিদ্যালয় ভবনের ছাদের প্রায় অংশই ধসে পড়ার উপক্রম। ছাদ খসে পড়ার মুহূর্তে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম চালুর জন্য জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।"
ঘটনার পরপরই জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের লিখিত আবেদনের ভিত্তিতে বিষয়টি বুধবারই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের অংশ খসে পড়ার বিষয়টি প্রধান শিক্ষক তাদের অবহিত করেছেন। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে আবেদন পাঠানো হয়েছে।