জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে ফরম পূরণের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

শিক্ষার্থীদের নির্দেশনা অনুযায়ী, অনলাইনে পূর্ণাঙ্গ আবেদন ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ফিসহ ফরম জমা নিশ্চিত করতে হবে। এরপর কলেজ কর্তৃপক্ষ ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন করবে। নিশ্চয়ন সম্পন্ন হওয়ার পর ২৮ ও ২৯ অক্টোবর সোনালী ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

এ বছরের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং ২০২৪ সালে রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়াও, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আগের শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য, শর্ত সাপেক্ষে উত্তীর্ণ এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন।

মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। তারা সি, সি+ ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি কোর্সে পরীক্ষায় অংশ নিতে পারবেন। পাশাপাশি, শর্ত সাপেক্ষে তৃতীয় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০১৩–১৪ শিক্ষাবর্ষের রেগুলেশন ও সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।