যাঁরা বিদেশে পড়াশোনা করতে চান, তাঁদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গেও সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোয়ও কাজের সুযোগ পেয়ে থাকেন। ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ আছে অনেক শিক্ষার্থীর। দেশটির একটি বৃত্তি বেছে নিতে পারেন আগ্রহী শিক্ষার্থীরা। নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) দিচ্ছে সেই বৃত্তি। মূলত দুই ধরনের স্কলারশিপ দেবে বিশ্ববিদ্যালয়টি।

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ নানা ধরনের খরচ এই স্কলারশিপের আওতায় পেয়ে থাকেন শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এমইউ মূলত দুই ধরনের স্কলারশিপ দেয়। একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্থায়িত মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল–হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অর্থায়িত। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে সময় ১৩ মাস এবং দুই বছরের প্রোগ্রামে সময় ২৫ মাস।

টিউশন ফি প্রদান করবে।

ভিসা ফি প্রদান করবে।

স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে।

জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের প্রোগ্রামে ২০ হাজার ১৫০ ইউরো দেবে শিক্ষার্থীদের।

২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩৮ হাজার ৭৫০ ইউরো পাবেন শিক্ষার্থীরা।

আবেদনকারীকে অবশ্যই ২০২৭–২০২৮–এর জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।

শিক্ষার্থীরা যে প্রোগ্রামে আবেদন করতে চান, সেই প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয় সব তথ্য আবেদনকারীকে পূরণ করতে হবে।

আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের (১ সেপ্টেম্বর ২০২৭) বেশি হওয়া যাবে না।

আবেদনকারীর অবশ্যই স্নাতকে ভালো ফল হতে হবে।

অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬–এর মধ্যে সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৭।

*আবেদন করতে ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন