নোয়াখালী জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ১৬৩ জনকে আটক করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ৯ জনকে দণ্ডবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা মুচলেকা নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযানের বিস্তারিত হিসাব অনুযায়ী, সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হলেও বাকি ২৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। কোম্পানীগঞ্জ থানায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় সাতজন, সোনাইমুড়ী থানায় পাঁচজন এবং কবিরহাট থানায় পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ছাড়া হাতিয়া থানায় সবচেয়ে বেশি ৬৯ জনকে আটক করা হয়। এর মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার এবং পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"