কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি)ও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আগে নিরপেক্ষতা বজায় রেখে বিষয়টি বিবেচনা করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশের পূর্ণ নজর রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। কুমিল্লায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।