রাজধানীর নয়াপল্টনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মিজান হাওলাদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর পাঁচটার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মিজানের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায় এবং তার বাবার নাম মফিজ হাওলাদার। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোর পাঁচটার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজানকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুতগতির কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকাল পৌনে সাতটার দিকে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এসআই জাহিদ হাসান মুক্তকণ্ঠকে বলেন, "ভোর পাঁচটার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে সড়কে মিজানকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুতগতির কোনো গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।"

ঘটনাস্থলের আশপাশের লোকজন নিহত যুবককে চিনতে পারেননি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। গাড়িটি শনাক্তসহ দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।