ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। দুর্ঘটনার পরপরই তাঁকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, তিনি গাড়ি চালানো শিখছিলেন। সেই সময় ব্রেক চাপতে গিয়ে ভুল করে একসিলারেটরে চাপ দিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।
সাদমান সাকিব নিজেকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষকের ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন এবং কয়েকজন ব্যবসায় শিক্ষা অনুষদের ফটকের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে গাড়িটি দ্রুতগতিতে এসে প্রথমে একজন শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এরপর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে আঘাত করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীদের ভিড় জমে। উত্তেজিত শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটির ব্যাপক ভাঙচুর করেন। পরবর্তীতে সাদমান সাকিবকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
প্রক্টর অফিসে উপস্থিত হয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি জানান যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করে। শিক্ষার্থীদের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও সহকারী প্রক্টররা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হবে।