খালে–বিলে পানি নামতে শুরু করেছে, নানা পদের মাছের সঙ্গে ধরা পড়ছে নানা সাইজের চিংড়ি। চিংড়ি দিয়ে তৈরি জনপ্রিয় একটি পদ ডাব–চিংড়ি। রেসিপি দিলেন শাহনাজ সেতু

মাঝারি বড় চিংড়ি ১০-১৫টি

ডাব ১টি

ডাবের পানি ১ কাপের মতো

ডাবের নরম শাঁস আধা থেকে ১ কাপ

পেঁয়াজবাটা ২ টেবিল চামচ

আদাবাটা ১ চা–চামচ

রসুনবাটা আধা চা–চামচ

কাঠবাদাম পেস্ট ১ টেবিল চামচ

কাঁচা মরিচ ৪–৫টি

হলুদ সিকি চা–চামচ

মরিচগুঁড়া আধা চা–চামচ

লবণ স্বাদমতো

ধনেপাতাকুচি অল্প

শর্ষের তেল ২ টেবিল চামচ

ঘি ১ চা–চামচ

চিংড়ি খোলস ছাড়িয়ে পরিষ্কার করুন। চাইলে লেজ রেখে দিতে পারেন।

চিংড়িতে সামান্য লবণ-হলুদ মেখে অল্প তেলে হালকা ভেজে তুলে রাখুন।

একই তেলে পেঁয়াজ, আদা-রসুন ও মসলা দিয়ে ভালো করে কষান।

ডাবের মুখ অল্প কেটে পানি বের করে নিন।

এবার মুখটা আরও একটু বড় করে কেটে নিন, যাতে ভেতরে মাছ ঢোকানো যায়।

এবার ডাবটি চুলায় লো হিটে বসিয়ে প্রি–হিট করুন।

অন্য পাত্রে ডাবের পানি ঢেলে ৩–৪ মিনিট ফোটান।

তাতে চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে ৩ মিনিট রান্না করুন।

এবার ডাবের নরম শাঁস দিন। এই দফায় ২–৩ মিনিটের বেশি রান্না করবেন না।

এবার প্রি–হিটে রাখা ডাবের ভেতরে রান্না করা চিংড়ি দিয়ে মুখ বন্ধ করে কিছুক্ষণ দম দিন।

মুখ খুলে ধনেপাতা ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

খেয়াল করুন: ডাবের শাঁস একদম শেষে দিলে নরম থাকে এবং ডাবের নিজস্ব মিষ্টি স্বাদটা সুন্দরভাবে পাওয়া যায়। গ্যাসের সংকটের কথা ভেবে এখানে পুরো রান্না ডাবের মধ্যে না করে অর্ধেক রান্না কড়াইয়ে করে নেওয়া হয়েছে।