শরীয়তপুরের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব এবং একটি মোবাইল ফোন অপহৃত হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র তছনছ বা চুরি হয়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এই চুরির ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা তালাবদ্ধ করে বাড়িতে ফেরেন। এরপর শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক জরুরি কাজে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তিনি বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে চোরেরা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে। দুই দিন অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা এ কাজ করেছে বলে ধারণা কর্তৃপক্ষের।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, "শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, "বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"