স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন ২৩ বছর বয়সী গৃহবধূ নুরুন্নাহার বেগম। মধ্যরাতে তার মৃত্যুর সংবাদ বাবার বাড়িতে পৌঁছালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, নুরুন্নাহার স্ট্রোক করে মারা গেছেন। তবে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। এরই মধ্যে বাড়ির পেছনে খোঁড়া অবস্থায় প্রায় চার ফুট গভীর একটি গর্তের সন্ধান পাওয়ায় পুরো ঘটনাটি এখন চরম রহস্যের মোড় নিয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায়।

জানা গেছে, নুরুন্নাহার ওই একই ইউনিয়নের উত্তর কেবল নগর খানকান্দি এলাকার আক্কাস মাদবরের কন্যা। তার স্বামী মোক্তার মাদবর পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাবার খেয়ে স্বামী মোক্তার মাদবরের সঙ্গে একই শয়নকক্ষে ঘুমাতে যান নুরুন্নাহার। রাত আনুমানিক ১২টার দিকে মোক্তার পাশের কক্ষ থেকে তার ভাবি পারভীন বেগমকে (২৫) ডেকে আনেন। নুরুন্নাহারকে তেল-পানি দেওয়ার কথা বলে তাকে ডেকে আনা হয়। এর কিছু সময় পর নুরুন্নাহারের বাবার বাড়িতে ফোন করে জানানো হয় যে, তিনি স্ট্রোক করেছেন। এই খবর পেয়ে স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নুরুন্নাহারের গলায় ফাঁসের দাগ দেখতে পান। এতে তাদের সন্দেহ হয় এবং তারা দ্রুত জাজিরা থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন।

তদন্ত চলাকালীন নুরুন্নাহারের স্বামীর বাড়ির পেছনে খোঁড়া অবস্থায় প্রায় চার ফুট গভীর একটি গর্ত দেখতে পান স্বজনেরা। এই গর্তটি ঠিক কী উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। নিহতের স্বজনদের জোরালো দাবি, মরদেহ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যেই সম্ভবত গর্তটি খোঁড়া হয়েছিল। তবে গর্তটি ঠিক কখন, কে এবং কী উদ্দেশ্যে খুঁড়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর ঘটনার সঙ্গে এই গর্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

খবর পাওয়ার পরপরই জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ছয় মাস আগে নুরুন্নাহার ও মোক্তার মাদবরের বিয়ে হয়েছিল। তাদের এক মাস আট দিন বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় তারা সরাসরি তার স্বামীকে সন্দেহ করছেন। ঘটনার পর থেকে স্বামী মোক্তার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেছেন স্বজনেরা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নুরুন্নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”