শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার সন্ধ্যার পর একটি বাসের ধাক্কায় রতন পোদ্দার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
সড়ক পার হওয়ার সময় যানবাহন থামাতে দুই হাত তুলে ইশারা করছিলেন রতন। কয়েকটি গাড়ি থামলেও শরীয়তপুর আন্তজেলা বাস মালিক সমিতির একটি মিনিবাস না থেমে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে স্থানীয়রা তাড়া করে চালকসহ বাসটি আটক করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাজধানীতে নেওয়ার পথে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রতন পোদ্দার শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা যুগল বালা পোদ্দারের বিধবা স্ত্রী তিনি। বাড়ির সামনে চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় ব্যক্তিগত কোনো কাজে ধানুকা এলাকায় যান তিনি।
দুর্ঘটনার পর ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী শ্যামল সাহা জানান, প্রায় এক মাস আগে রতনের স্ত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাদের দুই সন্তান রয়েছে।