ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে সদর থানার একটি দল ঘটনাস্থলে যায়। উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের এই দল বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন বলেন, "আজ সকালে ফুটপাতে ফলের দোকান খুলছিলেন তিনি। এ সময় সেখানে একটি ব্যাগের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানান।"
উদ্ধারকৃত বস্তু দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এসআই সুশান্ত কর্মকার। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।