নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর মডেল থানার আশপাশের এলাকায় ঝটিকা মিছিল ও শোডাউন করেছে। পৌর শহরের টিএ রোড, থানা ব্রিজ ও মঠের গোড়া এলাকা দিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা সহসভাপতি সানি শাহের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে শহরের কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ গেট দিয়ে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক টিএ রোডে প্রবেশ করে। এরপর মিছিলটি থানা ব্রিজের ওপর দিয়ে সদর থানার পাশের সড়ক অতিক্রম করে মঠের গোড়া ও ফায়ার সার্ভিস অফিসের দিকে ধাবিত হয়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্তের ফেসবুক প্রোফাইলে ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হলে এটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহ। তার পেছনে সাদা টুপি ও মাস্ক পরা নেতাকর্মীরা ব্যানার ও স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন। মিছিলে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবিসংবলিত পোস্টার-ব্যানার প্রদর্শন করা হয়।
মিছিল শেষে জেলা সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সানি শাহ বলেন, "শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আজ সবাই সমবেত হয়েছি।" জেলা ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, "আমরা ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করব।"
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, থানার সামনে সরাসরি মিছিল করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন কিছু চিত্র দেখা গেছে। অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।"