সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল আয়োজন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে সিরাজগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে ছাত্রলীক ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলে শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। মিছিলের পর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সম্পৃক্ততা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, নিষিদ্ধঘোষিত দলের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।