সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) এবং যুবলীগ কর্মী চান শেখ (৪৫)।
পরিবার সূত্রে জানা গেছে, মো. লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের পুত্র। ইউনুস আলী নিশাত দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে এবং চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।
এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, “নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান সবসময় অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
ঘটনার সূত্রপাত বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে। সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশ দিয়ে বিক্ষোভ মিছিল করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। জানা গেছে, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে ওই মিছিলটি পরিচালিত হয়েছিল। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।