পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শনিবার একটি পুলিশ তল্লাশি চৌকিতে বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
আমান মেলা এলাকার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এই হামলা চালানো হয়। পুলিশ সূত্র জানিয়েছে, মোগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান–কোয়েটা সড়কের এই চেকপোস্টটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত।
সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। বেশ কয়েকজন হতাহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
‘রেসকিউ ১১২২’ আরও জানিয়েছে, আহত ২০ জনকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যাতে বিস্ফোরণের ধরন খতিয়ে দেখা যায়।