পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের কোহাত পুলিশ লাইনসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০-রও বেশি মানুষ। আজ শুক্রবার দুপুরে পুলিশ লাইনসের একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-কে দেওয়া সাক্ষাৎকারে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করে জানান, "এ বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।" তিনি আরও জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে। এর পরপরই আত্মঘাতী হামলাকারীদের কয়েজন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। আরও অন্তত তিনজন স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হয়।

এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন। আইজি জুলফিকার হামিদ জানান, হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি ভবনের ধসে পড়া দেয়ালের পাশে মানুষজন জড়ো হয়েছেন, তারা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন এবং আহতদের সাহায্য করছেন।