সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির এই প্রেক্ষাপটে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের ‘ওপেক্স’ (OPEX) মডেল বা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ব্যবহারের অনুমতি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।