জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার সাতটি কলেজের জন্য প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য লুৎফুর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক কামরুল আহসান। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই উপাচার্য পরিবর্তন হয়নি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।
এদিকে, অন্তর্বর্তী সরকারের আমলের শেষ সময়ে ঢাকার সাতটি কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারি করা হয়েছিল। কাছাকাছি সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিবকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি দায়িত্ব নেওয়ার আগেই তাঁকে অব্যাহতি দিয়ে মো. নুরুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।