জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. নূরুল ইসলামের নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে বর্তমান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য এবং অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে তাঁর মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।