বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে এই সংশোধিত নীতিমালাটি প্রকাশ করা হয়।

জানা যায়, বিগত এক মাস আগেও একই বিষয়ে নীতিমালা প্রকাশ করা হয়েছিল। তবে তাতে কিছু পরিবর্তন আনার পর ফের এটি সংশোধন করে নতুন করে প্রকাশ করা হলো। নতুন নীতিমালায় বদলির আবেদনের ক্ষেত্রে চাকরির মেয়াদ, পারিবারিক পরিস্থিতি, স্বামী-স্ত্রীর কর্মস্থল এবং অবসরপ্রাপ্তির আগের সময়সহ অন্যান্য বিষয় বিবেচনা করার কথা বলা হয়েছে।

নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনিক প্রয়োজনে বদলি-পদায়নের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে। এছাড়াও, জনস্বার্থে সরকার যেকোনো সময় যেকোনো শিক্ষক বা কর্মকর্তাকে যেকোনো পদে বা কর্মস্থলে বদলি বা পদায়ন করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।