ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত পিছলে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী মারা গেছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা এবং খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ স্টেশনে বিরতি শেষে ট্রেন চলতে শুরু করলে এই ঘটনা ঘটে। মৃত রাবেয়া ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে উঠার সময় অসাবধানতায় রাবেয়া পিছলে নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ, এর মধ্যে একটি হাতও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়। কিন্তু যশোর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার্ড করা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।'