ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত পিছলে পড়ে এক যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুশয্যায় থাকা ওই নারীর নাম রাবেয়া খাতুন (৩৭)। তিনি রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে এবং কালীগঞ্জের স্থানীয় বাসিন্দা।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসে যাত্রী ছিলেন রাবেয়া খাতুন। ট্রেনটি বিরতি শেষে যাত্রা শুরু করলে তিনি উঠতে যান। এসময় অসাবধানতাবশত পা পিছলে পড়েন তিনি। এই দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি একটি হাত এবং শরীরের অন্যান্য অংশও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করা হয়েছে।