যশোরের কৃষ্ণবাটি এলাকায় রেলক্রসিংয়ে অবৈধভাবে পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেনটি যশোর হয়ে বেনাপোল যাচ্ছিল। কৃষ্ণবাটি এলাকার একটি অবৈধ রেলক্রসিংয়ে ইজিবাইকটি থামানোর চেষ্টা না করায় ট্রেনের ধাক্কায় তা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে। যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের এসআই মামুন মুক্তকণ্ঠকে জানান, "দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
অপরদিকে, যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জমান মুক্তকণ্ঠকে জানান, "রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর অবৈধ রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে।"