চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় রেললাইনে খেলতে থাকা শিশুদের উদ্ধারে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক ইলেকট্রিশিয়ানের প্রাণহানি ঘটেছে। এ সময় আরও এক শিশুর হাত ও পা ছিন্নভিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ষোলশহর রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। অন্যদিকে, আহত শিশু রাহাত (১০) নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার বাসিন্দা মো. ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে ষোলশহর রেলক্রসিং এলাকায় কয়েকজন শিশুকে রেললাইনে খেলাধুলা করতে দেখেন মিন্টুসহ স্থানীয় পথচারীরা। এ সময় একটি ট্রেন চলে এলে তাৎক্ষণিকভাবে শিশুরা বিপদ বুঝতে পারেনি। মিন্টুসহ কয়েকজন দ্রুত এগিয়ে গিয়ে একাধিক শিশুকে সরাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত দেলোয়ার হোসেন মিন্টু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শিশু রাহাতকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান তার বাবা। চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শিশু রাহাতের ডান হাত ও ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন দে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, "রেললাইনে থাকা নিষ্পাপ শিশুদের প্রাণ বাঁচাতে গিয়েই দেলোয়ার হোসেন মিন্টু নামের ওই ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করেন।" তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।