চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী পোশাক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড থানাধীন সিইপিজেডের ৫ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, তামান্না এবং মো. খলিল। নিহত তামান্না স্মার্ট জ্যাকেটের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ও খলিল রাইড শেয়ার করতেন।
স্থানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খলিলের মোটরসাইকেলে করে তামান্না কারখানায় যাচ্ছিলেন। পথে সিইপিজেডের ৫ নম্বর রোডে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে তমান্না ও খলিল গুরুতর আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।