‘ডাক্তাররা (চিকিৎসক) অস্ত্রোপচারের আগে ওষুধপত্র নিয়ে আসতে বলেন, এটাই জানি। কিন্তু এবার ওষুধের সঙ্গে পানিও আনতে বললেন। অপারেশন থিয়েটারে নাকি পানি নেই। রোগীদেরই পানি নিয়ে আসতে হবে। তাই পাঁচ লিটারের একটি বোতল নিয়ে এসেছি। ১০০ টাকা বাড়তি খরচ হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তীব্র ক্ষোভের সাথে এই কথাগুলো বলছিলেন জয়নাল আবেদীন। তাঁর ছোট ভাই আসাদুজ্জামানের (২৮) ডান পায়ের অস্ত্রোপচার আজ বুধবার। বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামানকে আজ সকালে ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুরে অপারেশন থিয়েটারের অপেক্ষাগারের একটি শয্যায় আসাদুজ্জামানের পাশে বসে থাকা জয়নালের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিজ্ঞতার কথা জানান।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ অপরিহার্য। অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও নার্সদের হাত পরিষ্কার করা, রোগীর অস্ত্রোপচারের স্থান প্রস্তুত করা, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন রাখার কাজে পানি ব্যবহৃত হয়।

রোগীর স্বজনদের কেন পাঁচ লিটার করে পানি কিনতে হচ্ছে, তা খতিয়ে দেখতে জানা যায় যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় একটি অংশে পানি সরবরাহ করা গেলেও অন্য অংশে তা কার্যত বন্ধ। এর ফলে বিভিন্ন ওয়ার্ডেও তীব্র পানির সংকট দেখা দিয়েছে।

পানির এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অপারেশন থিয়েটারের চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনরা। বিশেষ করে পানির স্বল্পতার কারণে অস্ত্রোপচারের পর রোগীদের সংক্রমণের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা।

২ হাজার ২০০ শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। অর্থাৎ অনুমোদিত শয্যার তুলনায় প্রায় ১ হাজার ৩০০ রোগী বেশি থাকেন। ফলে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় পানি সরবরাহ বন্ধ থাকলে অস্ত্রোপচার, রোগীর পরিচর্যা, ওয়ার্ড ও অপারেশন থিয়েটার পরিষ্কার–পরিচ্ছন্ন রাখাসহ হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

চমেক হাসপাতালে অপারেশন থিয়েটারের পানির সংকট শুরু হয় গতকাল মঙ্গলবার। আজ বুধবারও তা নিরসন হয়নি। আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, অপারেশন থিয়েটারের অপেক্ষাগারে অন্তত পাঁচজন রোগী তাঁদের স্বজনদের সাথে অবস্থান করছেন। প্রত্যেক রোগীর পাশে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি পাঁচ লিটারের পানির বোতল রাখা ছিল। কারও কাছে একটি, আবার কারও কাছে দুটি বোতল দেখা যায়।

হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকলেও অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখা হয়নি। প্রতিদিনের মতো আজও অস্ত্রোপচার চলেছে। তবে পানির সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে রোগীর স্বজনদের পানি নিয়ে আসতে বলা হয়েছে। অন্তত পাঁচ লিটার করে পানি আনতে বলা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কাউকে কাউকে আরও বেশি পানি আনতে হচ্ছে। চিকিৎসকদের মতে, একজন রোগীর জন্য ১০ থেকে ১২ লিটার পানির প্রয়োজন হয়।

নগরের পুরান চান্দগাঁও এলাকার বাসিন্দা মোহাম্মদ শেখ আহমেদের ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় ডান পা ভেঙেছে। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। তাঁর সাথে থাকা বড় ভাই মোহাম্মদ শেখ ফরিদ বলেন, ‘এত বড় একটি হাসপাতালে পানি নেই। অস্ত্রোপচারের জন্য চিকিৎসকেরা তিনটি পাঁচ লিটারের পানির বোতল নিয়ে আসতে বলেছেন। এতে তিন শ টাকা বাড়তি খরচ হয়েছে। অপারেশনের ওষুধের সঙ্গে পানিও কিনে দিতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে।’

অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানান, হাসপাতালে প্রতিদিন নিয়মিত ৮ থেকে ১০টি অস্ত্রোপচার হয়। এ ছাড়া জরুরি অস্ত্রোপচার হয় ২০ থেকে ২৫ রোগীর। ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকলেও অস্ত্রোপচার কার্যক্রম থেমে নেই। তবে পানি না থাকায় চিকিৎসকদের পাশাপাশি রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিকিৎসকেরা আরও জানান, অস্ত্রোপচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ প্রয়োজন। অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও নার্সদের হাত পরিষ্কার করা, রোগীর অস্ত্রোপচারের স্থান প্রস্তুত করা, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন রাখার কাজে পানি ব্যবহার করা হয়।

এ ছাড়া অস্ত্রোপচারের পর রোগীর পরিচর্যা, ক্ষতস্থান পরিষ্কার এবং হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগার পরিচ্ছন্ন রাখতেও পানির প্রয়োজন হয়। ফলে পানি সরবরাহ বন্ধ থাকলে হাসপাতালের অস্ত্রোপচারসহ নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তবে অস্ত্রোপচারে ক্ষতস্থান পরিষ্কারের মতো কাজে সাধারণ পানি নয়, নির্ধারিত মানের জীবাণুমুক্ত স্যালাইন বা পানি ব্যবহার করা হয়।

অপারেশন থিয়েটারের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখন রোগীর স্বজনদের আনা পানি দিয়ে কাজ চালানো হচ্ছে। কিন্তু এই পানিও পর্যাপ্ত নয়। কোনোরকমে কাজ চালানো হচ্ছে। অস্ত্রোপচারের পর রোগীরা যাতে সংক্রমিত না হন, সে জন্য সতর্ক আছেন তাঁরা। তারপরও ঝুঁকি থেকে যাচ্ছে।”

পানির সংকটের কারণে দুর্ভোগের কথা জানান শিশুস্বাস্থ্য বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোহাম্মদ ইছহাক। নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে হামে আক্রান্ত আট মাস বয়সী নাতি মো. সাজিদ ইসলামকে চমেক হাসপাতালে নিয়ে এসেছেন তিনি। সঙ্গে আছেন স্ত্রী, ছেলে ও ছেলের বউ। তিনি বলেন, “পানি না থাকায় কষ্টের শেষ নেই। শৌচাগারে যাওয়া যায় না। দুর্গন্ধ ছড়াচ্ছে। বাইরে গিয়ে টাকা দিয়ে শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। নারীদের আরও বেশি কষ্ট হচ্ছে।”

পানির সংকটের বিষয়ে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় চমেক হাসপাতালসহ নগরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়াসা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকাল ছয়টায় নগরের বহদ্দারহাটে আরসিসি নালা নির্মাণকাজের সময় ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পাইপলাইন সংস্কারের জন্য ৩৬ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকতে পারে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজ দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত সংস্কারের চেষ্টা চলছে। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে একাধিক জায়গায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক জায়গায় সংস্কার করা হলেও আরেক জায়গায় কাজ করতে সময় লাগছে। আজ রাতের মধ্যে মেরামতের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, চমেক হাসপাতালে বিকল্প উপায়ে গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে।