ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ এবং অন্যজন একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ। তারা পরস্পরে চাচাতো ভাই।
স্থানীয় থানা সূত্রে জানা যায়, সুলতানপুর থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে রামরাইল বাজার এলাকায় তাদের মোটরসাইকেলটি অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার সময় কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ মরদেহগুচ্ছ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।