রাজধানীর গেন্ডারিয়া এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমথ সরকার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ ও দোলাইরপাড়ের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির প্রতিবেশী কল্যাণ কুমার সিংহ বলেন, "দুপুরে বাসা থেকে স্বামীবাগের একটি মন্দিরে নিমন্ত্রণে গিয়েছিলেন প্রমথ সরকার। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন এবং সেখানে গিয়ে প্রমথ সরকারকে মৃত দেখতে পান।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন জানান, "ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।"
প্রমথ সরকারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাহাড়ি গ্রামে। তাঁর বাবার নাম মৃত রাম হরি সরকার। তিনি পুরান ঢাকার বাংলাবাজারের হেমেন্দ্র দাশ রোডে নিজস্ব ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।