ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. আব্দুল আলীম (৩৪) নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার বাসিন্দা আব্দুল আলীম বর্তমানে সিলেটে কর্মরত ছিলেন। তিনি নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ট্রেনযোগে ফেনী রেলস্টেশনে নেমে তিনি চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি মহিপাল পার হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপুল স্টার লাইন ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ উত্তরে পৌঁছালে সামনের একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোডের আইল্যান্ডে ধাক্কা খায় এবং বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুল আলীম।
মহিপাল হাইওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনায় অন্য কোনো যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক আঘাতপ্রাপ্ত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেও নিহত ব্যক্তি ছাড়া অন্য কেউ চিকিৎসার জন্য আসেননি।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।