ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন এবং একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন লালপুল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের উত্তরে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটির নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে ভেতরে আটকা পড়া যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, "খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ও সড়ক অপসারণে দুটি রেকার ব্যবহার করা হয়।