মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৪ শিক্ষার্থী আহত হন।

আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালটির চিকিৎসক নয়ন দে মুক্তকণ্ঠকে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) ও নাজমুল হাসান (২৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।