ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে একটি যাত্রীবাহী লোকাল বাসের দুর্ঘটনা ঘটেছে। ঢাকা সদর থানার র্যাব ক্যাম্পের বিপরীত অংশে ঢাকামুখী লেনে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 'মায়ের দোয়া' নামের বাসটি সড়কের মাঝখানের বিভাজকে (আইল্যান্ড) উঠে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃষ্টি চলাকালে বাসটি ফেনী র্যাব ক্যাম্পের বিপরীত অংশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি আইল্যান্ডের ওপর আটকা পড়ে। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ঢাকামুখী লেনের একটি অংশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. কবির হোসেন মুক্তকণ্ঠকে জানান, "দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।"