ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট নিরসন এবং যানবাহনের অতিরিক্ত চাপ কমিয়ে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে প্রায় ১৩৭ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্পের প্রস্তাবিত পথনকশা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির কাজ চলমান রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘কুমিল্লা বাঁচাও মঞ্চের’ আয়োজনে এক অনুষ্ঠানে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রকল্পের ধারণাপত্র এবং এলজিইডির কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনা কাজ করবে।

প্রস্তাবিত রুটটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) থেকে শুরু হয়ে সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর, শাহপুর ব্রিজ, পালপাড়া ব্রিজ, গোবিন্দপুর বাজার, পীরযাত্রাপুর, কংশনগর বাজার, দেবিদ্বার বাজার, মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার, মেটাংঘরের শ্রীকাইল বাজার এবং সল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সলিমাবাদ ও বাঞ্ছারামপুর বাজারে যুক্ত হবে। এরপর বিশ্বনন্দী ফেরিঘাট, ভূলতা (ঢাকা-সিলেট মহাসড়ক) এবং ডেমরা-তারাবো মহাসড়ক হয়ে সড়কটি সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে।

প্রকল্পের নকশা অনুযায়ী, গোমতীর প্রতিরক্ষা বাঁধসহ সওজের অংশে কুমিল্লার আদর্শ সদরে ১০.৭৭ কিলোমিটার, বুড়িচংয়ে ১১ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ৩ কিলোমিটার, মুরাদনগরের গ্রামীণ সড়কে ২৪ কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১০ কিলোমিটার এবং আড়াইহাজার-ভূলতা-গোপীবাগ অংশে ৩৭.২৮ কিলোমিটার সড়ক থাকবে। এই সড়কগুলোর অধিকাংশের প্রস্থ হবে ১৮ ফুট।

অন্য অংশে কুমিল্লার আদর্শ সদরে ১.২৩ কিলোমিটার, বুড়িচংয়ে ৬.৩০ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ২.২৯ কিলোমিটার, দেবিদ্বারে ১২ কিলোমিটার, মুরাদনগরে ৫.৫০ কিলোমিটার এবং বাঞ্ছারামপুরে ১৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। স্থানভেদে এসব সড়কের প্রস্থ ১০ থেকে ১৮ ফুটের মধ্যে হবে।

প্রকল্পের আওতায় বিশ্বনন্দী ফেরিঘাট এবং হোমনা উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ করা হবে। এর ফলে কুমিল্লার উত্তরাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ফেরি ও লঞ্চ পারাপারের ভোগান্তি দূর হবে। পাশাপাশি জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং নদীসংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। একই সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহন নির্বিঘ্ন হবে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “প্রস্তাবিত এই সড়ক বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা কমবে এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে।”

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন জানান, বর্তমানে ডিপিপি তৈরির কাজ চলছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অর্থ বরাদ্দের অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।