চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি ডিএপি সার অবৈধভাবে মজুত করার অভিযোগে উপজেলা প্রশাসনের তল্লাশি অভিযানে ৪০৩ বস্তা সার জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উক্ত সারগুলো উদ্ধার করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদ। তার প্রতিষ্ঠানটির সার বিক্রির কোনো বৈধ লাইসেন্স না থাকার পরও সেখানে সরকারি সার মজুত ও বিক্রির খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতেই অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করা হয়।
অভিযানকারী কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুত বা বিক্রি করা যাবে না। জব্দকৃত ৪০৩ বস্তা ডিএপি সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।