চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামে এক ভ্যানচালকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চাঁদ আলী একই উপজেলার হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের জন্য বাড়ি থেকে বের হন চাঁদ আলী। তিনি বাড়ি না ফেরায় সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরদিন জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে চাঁদ আলীর পরিবার।
আজ সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত দেখে মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করে তার পরিবার। তবে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটির কোনো হদিস মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নির্জন জায়গায় মরদেহটি ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।