চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। আহত হওয়ার পর তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বর্তমানে ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত মনিরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা লিয়াকত ইসলামের ছেলে। ঘটনার খবর পাওয়ার পরপরই বিজিবির মেদেনীপুর ক্যাম্প থেকে একদল সদস্য ওই সীমান্তে পৌঁছান এবং সীমান্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি ছোড়েন। এদিকে সীমান্তে গুলির শব্দ এবং মনিরুলকে ভারতে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ মনিরুলের পরিবারে চলছে বুকফাটা আহাজারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলামসহ মোট সাতজন ব্যক্তি ভারত সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় গিয়েছিলেন। তাদের সেখানে অবস্থান করতে দেখে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার সঙ্গে থাকা বাকিরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এরপর আহত মনিরুলকে আটক করে টেনে হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। তবে তিনি বর্তমানে জীবিত আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও সীমান্ত এলাকার একাধিক সূত্রে জানা গেছে যে, আহত মনিরুল ইসলামকে ভারতের কৃষ্ণনগর জেলার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিএসএফের গুলিতে আহত মনিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “বিকেলে আমাদের গ্রামের খেলা হচ্ছিল। খেলা দেখা শেষে আমার স্বামী বাড়ি ফেরেন। পরে আমার অসুস্থ শ্বশুরের জন্য বটতলার বাজারে খাবার কিনতে যান। পরে আর বাড়ি ফেরেননি। রাতে লোকমুখে জানতে পারি আমার স্বামীকে গুলি করে ভারতে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আমার স্বামীকে আমি সুস্থ জীবিত অবস্থায় ফেরত চাই।”
এই ঘটনার বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “সন্ধ্যায় মেইন পিলার ৬১/১-এস-এর কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তায় পাল্টা ফায়ার করে মেদেনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল।”
বিজিবি জানিয়েছে, ঘটনার পর ওই সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।