পূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পাওয়ার কথা ছিল রায়হান রাফীর পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি টিজারও মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। তবে মাস শেষ হয়ে এলেও সিনেমাটি জমা দেওয়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউই অক্টোবরে মুক্তির বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না, যা সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে আলোচনা চলছে যে, ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না। যদিও সিনেমাটির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে। এটিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ তবে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অক্টোবরে মুক্তির লক্ষ্যেই শুরু হয়েছিল সিনেমাটির ব্যাপক প্রচারণা। নির্মাতা রায়হান রাফী সামাজিক মাধ্যমে সিনেমার বিভিন্ন দৃশ্য শেয়ার করে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিলেন। ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে রহস্যময় আবহ, চরিত্রের লুক এবং চমকপ্রদ দৃশ্য দেখানো হয়েছে। টিজারে কোনো সংলাপ না থাকলেও আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের দেখা গেছে। বিশেষ করে সিয়াম আহমেদের কিছু অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কেড়েছে।
দেশের বাণিজ্যিক সিনেমায় হরর ঘরানার অভাব থাকায় ‘আন্ধার’ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন; গল্পের সাথে যুক্ত ছিলেন আদনান আদিব খান। বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনার ওপর ভিত্তি করে এই গল্পের ভাবনা তৈরি হয়েছে।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের বড় বাজেটের হরর সিনেমাগুলোর একটি। এতে উল্লেখযোগ্য পরিমাণে ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করা হয়েছে, যার জন্য কয়েক মাস মুম্বাইয়ের একটি স্টুডিওতে কাজ চলে। সিনেমাটির অধিকাংশ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে। তবে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দর্শকরা।