বাস্তব জীবনে আমরা ভূত, অশরীরী আত্মা, রক্তপাত, খুন কিংবা যেকোনো অজানা বিপদ থেকে যতটা দূরে থাকতে চাই, সিনেমার পর্দায় সেসব দৃশ্য দেখার আগ্রহ ততটাই প্রবল। ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু অদ্ভুতভাবে ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি। প্রশ্ন জাগে, যে ভয় বাস্তব জীবনে আমাদের চরম অস্বস্তিতে ফেলে, সেই একই ভয় পর্দায় দেখতে আমরা কেন ভালোবাসি?
এই অভিজ্ঞতার কথা বলা যায় ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি থেকে। যেমন, আমার ৩ বছরের মেয়ে ভূতের কার্টুন দেখে ভীষণ ভয় পায়, অথচ তা না দেখেও সে থাকতে পারে না। আমরা প্রায়ই বৃহস্পতিবার রাতে হরর সিরিজ বা প্রামাণ্যচিত্র দেখি। দেখার পর সারা রাত লাইট জ্বালিয়ে ঘরে জড়সড় হয়ে বসে থাকতে হয়, এমনকি বাথরুমে যেতেও ভয় লাগে। শেষ পর্যন্ত ভোর হয়ে আলো ফুটলেই কেবল ঘুমাতে যাওয়া হয়।
সম্প্রতি ‘রিয়েল ডিটেকটিভ সিজন ওয়ান’ দেখা শেষ করার পর আমার মনে একই অনুভূতি তৈরি হয়েছে। ছোটবেলার কথা মনে পড়লে দেখা যায়, আমি আর আমার ছোট ভাই চোখ বড় বড় করে ভূত এফএম শুনতাম। নেটওয়ার্কের সমস্যা হতো বলে মশারির ওপর মুঠোফোন রেখে শুনতাম সেই গল্পগুলো। এরপর আর কেউ বাথরুমে যাওয়ার সাহস পেত না। তবে বড় হওয়ার পর যখন জানতে পারলাম যে সেই সব গল্পই ছিল স্ক্রিপ্টেড, তখন যেন হৃদয় ভেঙে খানখান হয়ে গেল!
আসলে ভূত, অশরীরী আত্মা, খুন, রক্তপাত কিংবা অজানা কোনো বিপদের দৃশ্য—বাস্তবে এসব থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি। যে ভয় বাস্তব জীবনে আমাদের অস্বস্তিতে ফেলে, সেই ভয় পর্দায় দেখতে ভালো লাগে কেন?
মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও গবেষণা এই রহস্যময় আকর্ষণের কয়েকটি ব্যাখ্যা দিয়েছে। প্রথমত, ভৌতিক সিনেমা দেখার সময় দর্শক জানেন যে পর্দার বিপদটি বাস্তব নয়। ফলে বাস্তব বিপদের মুখোমুখি না হয়েও ভয়, উত্তেজনা ও রোমাঞ্চ অনুভব করা সম্ভব হয়। ভয়ের দৃশ্য দেখলে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, শ্বাস দ্রুত হয় এবং শরীর সতর্ক হয়ে ওঠে। অনেকের কাছে এই শারীরিক প্রতিক্রিয়াগুলো আতঙ্কের বদলে অত্যন্ত রোমাঞ্চকর মনে হয়।
দ্বিতীয়ত, ভৌতিক সিনেমায় ভয় যত বাড়ে, বিপদ কেটে যাওয়ার পর স্বস্তিও তত তীব্র হয়। কোনো চরিত্র ভয়ংকর পরিস্থিতি থেকে বেঁচে ফিরলে দর্শকও একধরনের আনন্দ অনুভব করেন। মনোবিজ্ঞানের এক্সাইটেশন ট্রান্সফার থিওরি বা উত্তেজনা স্থানান্তর তত্ত্ব অনুযায়ী, ভয়ের সময় শরীরে তৈরি হওয়া উত্তেজনা বিপদ কেটে যাওয়ার পর আনন্দের অনুভূতিকে আরও তীব্র করতে পারে।
তৃতীয়ত, মানুষের কৌতূহল শুধু সুন্দর বা আনন্দদায়ক বিষয়েই সীমাবদ্ধ নয়। মৃত্যু, অশুভ শক্তি, অপরাধ কিংবা মানুষের অন্ধকার দিক সম্পর্কেও আমাদের জানার আগ্রহ থাকে। মনোবিজ্ঞানে এ ধরনের আকর্ষণকে বলে মরবিড কৌতূহল। ভৌতিক সিনেমা দর্শককে নিরাপদ দূরত্ব থেকে ভয়ংকর ও অস্বস্তিকর বিষয়গুলো অনুসন্ধানের সুযোগ দেয়।
আরেকটি ব্যাখ্যা হলো, ভৌতিক সিনেমা মানুষকে নিরাপদ পরিবেশে তীব্র আবেগের অভিজ্ঞতা নিতে সাহায্য করে। ভয়, অনিশ্চয়তা কিংবা বিপদের অনুভূতি কীভাবে সামলাতে হয়, পরোক্ষভাবে তা দর্শক অনুশীলন করতে পারেন। কিছু গবেষক মনে করেন, এ ধরনের অভিজ্ঞতা মানসিক প্রস্তুতিতে সহায়ক।
এছাড়া যাঁরা নতুন, তীব্র ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পছন্দ করেন; তাঁদের মধ্যে ভৌতিক সিনেমার প্রতি আগ্রহ তুলনামূলক বেশি দেখা যায়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় সেনসেশন সিকিং।
তবে মনে রাখা প্রয়োজন, ভৌতিক সিনেমা সবার জন্য আনন্দদায়ক নয়। কারও ক্ষেত্রে এটি উদ্বেগ বাড়াতে পারে বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই যে ধরনের সিনেমা নিজের কাছে উপভোগ্য মনে হয়, সেটিই বেছে নেওয়া শ্রেয়।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড