ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, এই মামলায় অপরাধজনক নরহত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামির তালিকায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে একটি সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন পাশের আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ মোট ৭-৮টি গাড়িতে ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শক্তিশালী ধাক্কায় একাধিক সিলিন্ডার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে আবাসিক এলাকা ও ভবনের ছাদে ছিটকে পড়ে। কিছু সিলিন্ডার টিনের চালা ফুঁড়ে ভেতরে ঢুকে যায়। এই বিপর্যয়ে ঘটনাস্থল ও তার আশপাশে মোট ৬ জন নিহত হন। এর মধ্যে দুজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় থানার এসআই আবু তালেব বাদী হয়ে গতকাল (সোমবার) রাত ১২টার পর অপরাধজনক নরহত্যার মামলা করেছেন। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।"