ঢাকার আশুলিয়ায় একটি কারখানা চত্বরে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আর একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আট জন।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশীদ মুক্তকণ্ঠকে বলেন, "সকাল পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলাম মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়েছিল। একই ঘটনায় দগ্ধ দুজন এখন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।"
নিহত নুর ইসলাম ওই কাভার্ড ভ্যানটির চালক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোংলায় এবং বাবার নাম আনিসুর রহমান।
গত রোববার রাতে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থল ও ঘটনাস্থলের অদূরে ৬ জন নিহত হন। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আজ মারা গেলেন আরেকজন। এ ঘটনায় আহত হন ২০ থেকে ২৫ জন।