সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী যানবাহনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কোন দুইজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রীতি কম্পোজিট কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের সূত্রপাত হয় এবং শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।
বিস্ফোরণের পর উড়ে যাওয়া একটি সিলিন্ডার ঘটনাস্থলের পাশের একটি দরজি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগম (৫৫)-এর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি লরির ভেতর থেকে একটি, লরির নিচ থেকে তিনটি এবং পাশে আরও একটি মরদেহ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এগুলো উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সুজন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩৫) ও নূর ইসলাম (৪০)-কে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন অর রশীদ জানান, রোববার রাতে অগ্নিকাণ্ডের পরপরই ২৫ জন আহত ব্যক্তি ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।