আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামক একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এই কারখানায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানাটির ভেতরে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ বলেন, "শিল্পকারখানায় শ্রমিকের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। বিশেষ করে কারখানার বয়লার, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার নিয়মিত পরিদর্শন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"

বিবৃতিতে নেতারা নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য ও উপযুক্ত চিকিৎসার দাবি জানান তারা।