আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গতকাল রোববার রাতে গ্যাসভর্তি কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৭ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর থেকে ইমতিয়াজ কাজী (১৮) নামক এক তরুণকে খুঁজে পাচ্ছে না তার বাবা সাইফুল ইসলাম।

ভোলা জেলা থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে আশুলিয়া আসেন ইমতিয়াজ। তিনি ওই কাভার্ড ভ্যানের চালকের সহকারী ছিলেন। বিস্ফোরণের পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। রাজধানীর মুগদা থানার উত্তর মান্ডা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি চালাতেন তাঁর শ্যালিকার ছেলে নুর ইসলাম। দগ্ধাবস্থায় নুর ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও, ছেলে ইমতিয়াজের খোঁজ পাচ্ছেন না তিনি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও তাঁর সন্তানের সন্ধান মিলেনি বলে সাইফুল ইসলাম দাবি করেন।

আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে সাইফুল ইসলাম আশুলিয়ার ওই কারখানার ১ নম্বর ফটকের সামনে হাহাকার শুরু করেন। স্থানীয়রা তাঁকে ঘিরে দাঁড়ান। এ সময় মুক্তকণ্ঠকে সাইফুল ইসলাম বলেন, ‘আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না, খোঁজ পাচ্ছি না। সবাইকে খুঁজে পাচ্ছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার ছেলেকে খুঁজে দেন।’

সাংবাদিকদের কাছে সাইফুল ইসলামের বর্ণনা অনুযায়ী, ছেলে ইমতিয়াজ গতকাল কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার নিয়ে এই কারখানায় এসেছিলেন। এরপর থেকে তাঁর খোঁজ পাচ্ছেন না। কারখানার নিরাপত্তাকর্মীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারছেন না।